বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

নোবিপ্রবিতে কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠিত

মো: নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবিতে কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠিত
নোবিপ্রবিতে কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি রিসার্চ সেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তাঁর বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীদের এ ফলাফল অর্জনের পেছনে অনেক ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়ের গল্প লুকিয়ে আছে। এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল উদযাপন নয়; বরং এ সফলতার স্বীকৃতি প্রদান। কৃতী শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত নয়, গোটা বিশ্ববিদ্যালয় পরিবারের। শিক্ষার্থীদের সফলতার পেছনে শিক্ষক ও পরিবারের সদস্যদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। কৃতী শিক্ষার্থীরা নোবিপ্রবি পরিবারের গৌরব। তোমাদের মেধা শুধু নিজেদের জন্য নয়, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ। নিজেকে এমনভাবে গড়ে তোলো, যেনো তোমার অর্জনে পরিবার, বিশ্ববিদ্যালয় ও দেশ গর্ববোধ করে।

উপাচার্য আরও বলেন, তোমরাও যেনো নোবিপ্রবিকে নিয়ে গর্ব করতে পারো, আমরা এ বিশ্ববিদ্যালয়কে সেখানেই নিয়ে যেতে চাই। গবেষণা, প্রকাশনা, আন্তর্জাতিক র‌্যাঙ্কিং, অবকাঠামো উন্নয়ন, সব সূচকেই আমরা ভালো করছি। গবেষণায় গুরুত্ব দেয়ায় এর ফল দেখা যাচ্ছে প্রকাশনার চিত্রে। সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশনার ধারাবাহিক ঊর্ধ্বগতি লক্ষণীয়। চলতি বছর ২০২৬ সালে ইতিমধ্যে ২০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা বছরের শেষে আরও বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। টিএইচই প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৬-এ নোবিপ্রবি ৬০১-৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা একাডেমিক ও প্রশাসনিক কাজে গতি আনার চেষ্টা করেছি, এখন সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছি। নোবিপ্রবিকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, গবেষণাগার অধুনিকীকরণ, শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তির সুবিধা বৃদ্ধি এবং শিল্প-একাডেমিয়া সংযোগ জোরদারে কাজ চলছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাবান্ধব ও শিক্ষার্থী কেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে নোবিপ্রবিতে গবেষণা কার্যক্রম বৃদ্ধি, স্মার্ট ক্লাসরুম স্থাপন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, নতুন নতুন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের নাম নয়, মানবিকতা ও দায়িত্ববোধের আলোয় নিজেকে আলোকিত করার নাম। তোমরা আজকের কৃতী গ্র্যাজুয়েটরাই আগামী দিনের পরিবর্তনের অগ্রদূত। তোমাদের শিক্ষা যেনো শুধু কর্মজীবনে নয়, মানবকল্যাণেও ভূমিকা রাখে, সেটাই আমাদের প্রত্যাশা।

নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, আমাদের শিক্ষার্থীরা একসময় অনেক ভালো অবস্থানে পৌঁছাবে। যেখানেই থাকো নিজের প্রতিষ্ঠানকে ভুলে যাবেনা। দেশের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে। তোমরা অনেকেই জীবনে সাফল্য অর্জন করবে। সাফল্যের সাথে সাথে তোমাদের জীবন যেনো সার্থকও হয় এই কামনা করি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, শুরুতেই আমাদের মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন, যারা মেধাবী হিসেবে ইতিমধ্যে নিজেদের নাম লেখাতে পেরেছে। আমরা যারা এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রয়েছি তাদের মূলত একটিই লক্ষ্য, তা হলো কীভাবে একজন শিক্ষার্থীকে মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে তোলা যায়। এছাড়াও ভৌত-অবকাঠামো ক্ষেত্রে কিভাবে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেয়া যায়, সে চেষ্টা আমরা করে যাচ্ছি। ভবিষ্যতেও তোমাদের এ সাফল্যের ধারা অব্যাহত থাকুক এ প্রত্যাশা করছি।

অনুষ্ঠানের আহ্বায়ক ও রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক জনাব মো. হারুনুর রশিদ আজাদ, নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আবু জাফর মোহাম্মদ হারুন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রিসার্চ সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. নাজিয়া মাজেদী ও কৃতী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর-২০২৬’ এ নোবিপ্রবির ২৭টি বিভাগ ও ২ টি ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যয়নরত অবস্থায় নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য।

এছাড়াও সংস্কারের পর নতুন সাজে সজ্জিত নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম আধুনিকীকরণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

আরও পড়ুন