মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

নির্বাচনে আরও ১৯০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় ইসি

রাইজিং ডেস্ক

Bangladesh Election Commission (EC)
বাংলাদেশ নির্বাচন কমিশন। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা রক্ষায় এক হাজার ৯০৪ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি ভোট গ্রহণের দুদিন আগ ও পরের দুদিন পর্যন্ত অর্থাৎ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত পাঁচদিনের জন্য নির্বাচনী এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধের জন্য এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিতকরণের প্রয়োজন হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, আট বিভাগে বর্তমানে এক হাজার ১৬২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। এ ছাড়া আচরণবিধি প্রতিপালনের জন্য ভ্রাম্যমাণ আদালতে নিয়োজিত আছে ৭৫৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত আরও এক হাজার ৯০৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন।

এর ভেতর ঢাকা বিভাগে ৩৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭৬ জন, সিলেট বিভাগে ১৪৪ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন, খুলনা বিভাগে ১৮৩ জন ও রংপুর বিভাগে ২৮২ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছে সংস্থাটি।

আরও পড়ুন