
“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৪র্থ পর্যায়ের ৩ দিন মেয়াদি “নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স”–এর ১৯তম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মোঃ ফারুক হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনে পুলিশের ভূমিকা অপরিসীম। নির্বাচনি দায়িত্ব পালনের সময় প্রত্যেক পুলিশ সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান অগ্রাধিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লা। এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।









