
নিরাপত্তা শঙ্কার কালো মেঘে ঢাকা পড়েছিল ঢাকার সংগীতপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা। চলতি বছরের ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না–বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানি তারকা গায়ক আতিফ আসলামের বহুল আলোচিত ‘মেইন স্টেজ শো’। তবে শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত হওয়ার খবরে ভেঙে পড়েন হাজারো ভক্ত।
হতাশা আর অপেক্ষার সেই দীর্ঘশ্বাসের মাঝেই এবার এলো আশার আলো। ঢাকার এই কনসার্টটি পুরোপুরি বাতিল হচ্ছে না। নতুন উদ্যমে ফেরার ঘোষণা দিয়ে আতিফ আসলাম নিজেই জানিয়েছেন, পরিবর্তিত সময়ে আবারও ঢাকায় মঞ্চে ফিরছেন তিনি। একই সঙ্গে ভক্তদের জন্য এসেছে আরেকটি স্বস্তির খবর—টিকিটের অর্থ ফেরতের সুযোগও রাখা হয়েছে।
ইতোমধ্যে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর একটি নতুন তারিখে এই কনসার্ট আয়োজন করা হবে। নির্দিষ্ট তারিখ ও ভেন্যুর বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
যারা আগে থেকেই টিকিট কেটে অপেক্ষায় ছিলেন, তাদের জন্য বড় স্বস্তির বিষয় হলো—আগে কেনা টিকিটগুলোই নতুন কনসার্টের জন্য বৈধ থাকবে। আতিফ আসলাম নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে টিকিট বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে যারা নতুন তারিখে কনসার্টে অংশ নিতে পারবেন না বা আগ্রহী নন, তাদের জন্য রিফান্ডের সুযোগ রাখা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের ঘোষণা অনুযায়ী, আজ ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে রিফান্ডের আবেদন করা যাবে।
খুব শিগগিরই একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক প্রকাশ করা হবে। সেখানে লগইন করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করলেই রিফান্ড সম্পন্ন করা যাবে। তবে একবার রিফান্ড গ্রহণ করলে সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। সেটি আর পুনরায় ব্যবহার, হস্তান্তর কিংবা ভবিষ্যতের কনসার্টে গ্রহণযোগ্য থাকবে না।
আয়োজকরা আরও জানিয়েছেন, কনসার্টের নতুন তারিখ ও ভেন্যু চূড়ান্ত হলেই ভক্তদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।










