
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জামায়াত নেতা ড. এডভোকেট মোবারক হোসাইন বলেছেন, দুঃশাসন, দুর্নীতি ও রাজনৈতিক নিপীড়নের এই অন্ধকার অধ্যায় শেষ করতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, অর্থনীতিতে প্রকাশ্য লুটপাট, বিচার ব্যবস্থাকে দলীয় যন্ত্রে পরিণত করা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং ভিন্ন মত দমনে রাষ্ট্রীয় সহিংসতার মাধ্যমে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে ঠেলে দেওয়া হয়েছে। এই ধ্বংসাত্মক বাস্তবতার বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজ দশ দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। আগামীদিনে একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারলে অন্যায় ও অবিচার দূর হবে।
শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে আবদুল সামাদ মাষ্টারের বাড়ীতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হলে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিন। একটি সুন্দর বুড়িচং ও ব্রাহ্মণপাড়া গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন গাজী আনাস রাওশান।
এতে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুজাহিদ খান এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাছান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, অধ্যক্ষ মোঃ ইউনুছ, সাবেক জেলা শিবির সভাপতি লুৎফুর রহমান খান মাসুম, এনসিপির সংগঠক আমির হামজা মাসুম, ভিপি নেয়ামত উল্লাহ, সাহেবাবাদ ইউনিয়ন আমীর মোহাম্মদ আমিনুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সজিব ভূইঁয়া। এসময় জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।










