শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দুই দশক পর ফের আলোচনায় ‘ম্যায় হুঁ না’, সিক্যুয়েল নিয়ে বাড়ছে জল্পনা

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Main Hoon Na back in the spotlight after two decades, fresh discussions about a sequel.
দুই দশক পর ফের আলোচনায় ‘ম্যায় হুঁ না’, সিক্যুয়েল নিয়ে নতুন আলোচনা

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সিনেমাটির পরিচালক ফারহা খানের একটি মন্তব্যের পরই সম্ভাব্য দ্বিতীয় কিস্তি নিয়ে আলোচনায় মেতেছেন শাহরুখ খানসহ সিনেমাটির ভক্তরা।

২০০৪ সালে ফারহা খানের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ম্যায় হুঁ না’। শাহরুখ খান, সুস্মিতা সেন, জায়েদ খান, অমৃতা রাওসহ একাধিক তারকার অভিনয়ে নির্মিত সিনেমাটি সে সময় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কলেজপড়ুয়া এক তরুণের গল্পের সঙ্গে অ্যাকশন, রোমান্স ও পারিবারিক আবেগের মিশেলে সিনেমাটি এখনও দর্শকের কাছে জনপ্রিয়।

মুক্তির দুই দশক পেরিয়ে গেলেও ‘ম্যায় হুঁ না’ নিয়ে দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। টেলিভিশনে সিনেমাটি প্রচার হলে এখনও অনেক দর্শক আগ্রহ নিয়ে সেটি দেখেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুরের একটি পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটির সিক্যুয়েল।

একটি হোটেলের কক্ষে বসে ‘ম্যায় হুঁ না’ দেখার সময় সিনেমাটির একটি ক্লিপিং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অর্জুন। ক্যাপশনে তিনি সিনেমাটিকে নিজের ‘অলটাইম ফেভারিট’ উল্লেখ করে দ্রুত এর একটি সিক্যুয়েল নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। একই পোস্টে তিনি পরিচালক ফারহা খানকে ট্যাগ করেন।

অর্জুনের সেই আবদারের জবাবে ফারহা লেখেন, ‘যদি কোনো কিছু অন্তর থেকে চাও অর্জুন কাপুর, অনেক ভালোবাসি।’

ফারহার এই মন্তব্যের পরই ‘ম্যায় হুঁ না ২’ নিয়ে জল্পনা আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মন্তব্যের সঙ্গে ‘ওম শান্তি ওম’ সিনেমার বিখ্যাত সংলাপের মিল খুঁজে পাচ্ছেন। ওই সংলাপের বক্তব্য ছিল—কোনো কিছু মন থেকে চাইলে পুরো মহাবিশ্ব তা পাওয়ার জন্য পথ তৈরি করে দেয়।

অর্জুন ও ফারহার এই কথোপকথনকে তাই অনেকেই ‘ম্যায় হুঁ না’র দ্বিতীয় কিস্তির সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে শাহরুখ খানের ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

উল্লেখ্য, ‘ম্যায় হুঁ না’ দিয়েই পরিচালক হিসেবে বলিউডে অভিষেক হয় ফারহা খানের। প্রথম সিনেমাতেই শাহরুখ খান ও সুস্মিতা সেনের মতো তারকাদের নিয়ে সফলভাবে কাজ করে পরিচালকের আসনে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

দীর্ঘদিন ধরেই ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল নির্মাণ নিয়ে বলিউডে নানা আলোচনা শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফারহা খানের সাম্প্রতিক মন্তব্যের পর সেই অপেক্ষাই নতুন করে বাড়ল—শেষ পর্যন্ত সত্যিই কি পর্দায় ফিরবে ‘ম্যায় হুঁ না’?

আরও পড়ুন