শুক্রবার ২০ মার্চ, ২০২৬

‘দরবেশ বাবা’র খপ্পরে নারী চিকিৎসক খোয়ালো ২৫ লাখ টাকা

রাইজিং ডেস্ক

The woman doctor lost Tk 25 lakh in the clutches of 'Dervesh Baba'
ছবি: সংগৃহীত

‘দরবেশ বাবা’র খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছেন এক নারী চিকিৎসক। পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাসে প্রতারক চক্রের কাছে ২৫ লাখ টাকা হারানোর পর তিনি মামলা করেন। তদন্তে নেমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চক্রের মূল হোতাসহ ১৯ সদস্যকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

তিনি জানান, ওই নারী গত ৭ নভেম্বর মামলা করেন। তদন্তের এক পর্যায়ে গতকাল রবিবার চক্রের মূলহোতা আশিকুর রহমানকে মাগুরা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ থেকে চক্রের আরও ১৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা ঢাকার বিভিন্ন এলাকায় ছোট-ছোট গ্রুপে ভাগ হয়ে বাসা ভাড়া নিয়ে অবস্থান করে প্রতারণা করে আসছিল।

প্রতারক চক্রের দুটি কৌশল উল্লেখ করে সিআইডি প্রধান বলেন, যে পরিবারের কাউকে তারা টার্গেট করতে, নানা উপায়ের ওই পরিবারের তথ্য সংগ্রহ করত তারা। তারপর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিত নানা প্রলোভন দেখিয়ে। তারা বিভিন্ন মাধ্যমে নিজেদের লোভনীয় বিজ্ঞাপন প্রচার করত। এভাবে ওই নারী চিকিৎসকের কাছ থেকে তারা কয়েক দফায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

তিনি আরও বলেন, চক্রের মূল হোতা আশিকুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়– চক্রটির সদস্যরা ২০২০ সাল থেকে এই প্রতারণা করে আসছে। শুরুর দিকে তারা বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিতেন।

পরে তারা এসবের পাশাপাশি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিতে থাকেন। টাকা হাতিয়ে নেওয়ার জন্য ব্যবহার করতেন এমএসএফ নম্বর। গ্রেপ্তারদের কাছ থেকে প্রতারণার সঙ্গে জড়িত ৪১টি মোবাইল, বিপুল সিমকার্ড ও কিছু ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়।

আরও পড়ুন