শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬

থাকার কক্ষে উইপোকা, কুমিল্লায় মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Termites in the room- Deputy Leader of the Opposition leaves Comilla Circuit House at midnight.
ছবি: সংগৃহীত

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে ব্যাপক উইপোকার উপদ্রব দেখতে পেয়ে রাত্রিযাপন না করেই চলে গেছেন বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁর রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষ বরাদ্দ করা হয়েছিল।

রাত ১০টার দিকে বিশ্রাম নিতে গিয়ে তিনি কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। বিশেষ করে আলমারির ভেতরে বালিশ ও কম্বল রাখার স্থানসহ বিভিন্ন জায়গায় উইপোকার বাসা এবং বিপুলসংখ্যক উইপোকা দেখা যায়।

বিষয়টি দেখে অসুবিধা বোধ করেন তিনি। পরে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান সার্কিট হাউসে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের বিষয়টি জানিয়ে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন।

তবে অভিযোগ রয়েছে, বিষয়টি জানানোর পরও তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের ব্যবস্থা করা হয়নি। পরে এপিএস কুমিল্লার এনডিসিকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) বিষয়টি জানান। এরপরও দ্রুত বিকল্প কক্ষ বা আবাসনের ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা।

রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে তিনি কুমিল্লা সার্কিট হাউস ছেড়ে চলে যান।

ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

তিনি বলেন, ‘কুমিল্লা সার্কিট হাউসের মতো জায়গায় চরম অব্যবস্থাপনার বিষয়টি খুবই দুঃখজনক।’

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধীদলীয় উপনেতা সার্কিট হাউস ছেড়ে যাওয়ার পর বিষয়টি তারা জানতে পারে। পরে খোঁজ নিয়ে আবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে সার্কিট হাউস থেকে এনডিসিকে ফোন করে বিরোধীদলীয় উপনেতার জন্য বরাদ্দ করা কক্ষে সমস্যার কথা জানানো হয়। পরে এনডিসি তাৎক্ষণিকভাবে সার্কিট হাউসে কর্মরতদের কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে এবং সমস্যাযুক্ত কক্ষটি পরিষ্কার করার নির্দেশ দেন।

তিনি বলেন, এর মধ্যেই সার্কিট হাউস থেকে এনডিসিকে আবার ফোন করে জানানো হয় যে, বিরোধীদলীয় উপনেতা সার্কিট হাউস ছেড়ে চলে গেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, বিষয়টি এনডিসি বা জেলা প্রশাসনের কর্মকর্তাদের কেউ তাৎক্ষণিকভাবে জানতে পারলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না।

ঘটনার পর সার্কিট হাউসের আবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁদের জবাব পাওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় উপনেতা সার্কিট হাউস ছেড়ে চলে যাওয়ার বিষয়টি আমাদের জন্যও দুঃখজনক।’

আরও পড়ুন