
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেক ফুটবলারই অনাকাঙ্ক্ষিত মনে করেন। কেউ কেউ এটিকে ‘নির্যাতনের ম্যাচ’ বলেও আখ্যা দেন। এমন পরিস্থিতিতে শনিবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। ম্যাচটিকে সামনে রেখে দুই দলই একাদশে একাধিক পরিবর্তনের পরিকল্পনা করেছে।
ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমপ নিশ্চিত করেছেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। তবে কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে নিয়মিত একাদশে কিছু পরিবর্তন আনার কথাও জানিয়েছেন তিনি।
এমবাপ্পে এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ফ্রান্স শিরোপার লড়াই থেকে ছিটকে গেলেও তার সামনে এখন গোল্ডেন বুট জয়ের সুযোগ রয়েছে। পাশাপাশি এর আগে জেতা বিশ্বকাপের স্বর্ণ ও রৌপ্য পদকের সঙ্গে এবার ব্রোঞ্জ পদক যোগ করার সম্ভাবনাও রয়েছে।
বর্তমানে এমবাপ্পে ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দুজনেরই গোল সংখ্যা ৮। তবে একটি অতিরিক্ত অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করা গোলও গোল্ডেন বুটের হিসাবের অন্তর্ভুক্ত হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে এমবাপ্পের সামনে শীর্ষে ওঠার সুযোগ থাকছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশমপ বলেন, “তারা খেলুক বা না খেলুক, প্রধান কোচ হিসেবে দলের জন্য সর্বোচ্চ ফল নিশ্চিত করার দায়িত্ব আমার। আমরা লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা করব।”
একাদশে পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, “আমার হাতে কয়েকটি বিকল্প রয়েছে। কেউ খেলবে, আবার ব্যক্তিগত কারণে কেউ হয়তো খেলতে চাইবে না। খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত আলোচনা প্রকাশ করতে চাই না। তবে নিশ্চিতভাবে কিছু পরিবর্তন থাকবে।”
ফ্রান্সের একাদশে পরিবর্তনের আভাস থাকলেও এমবাপ্পের প্রস্তুতির খবর ফরাসি সমর্থকদের জন্য স্বস্তির। এখন দেখার বিষয়, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে তিনি গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে যেতে পারেন কি না।










