
কুমিল্লা–৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী কামরুন্নাহার সাথী বলেছেন, তরুণদের হাত ধরেই সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, তরুণরাই পারে পরিবর্তনের নেতৃত্ব দিতে এবং একটি ন্যায্য ও মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখতে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় আয়োজিত এক পথসভায় মই প্রতীকের এই প্রার্থী তরুণ ভোটারদের উদ্দেশে বলেন,
“আপনারা আপনাদের বিবেককে জাগিয়ে তুলুন। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র গড়তে হলে মানুষের মৌলিক অধিকার—খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—নিশ্চিত করতে হবে। অথচ আজও বহু মানুষ খাদ্যহীন, বস্ত্রহীন ও বাসস্থানহীন জীবনযাপন করছে। দিনমজুর ও শ্রমিকরা তাদের ন্যায্য শ্রমের মর্যাদা পাচ্ছে না।”
নির্বাচন পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মনে এখনো প্রশ্ন কাজ করছে—নির্বাচন সুষ্ঠু হবে কি না, নির্বিঘ্নে আমরা প্রচার চালাতে পারবো কি না।”
কামরুন্নাহার সাথী বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণের অন্যতম পূর্বশর্ত হলো বেকারদের জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা। নির্বাচিত হলে তিনি সর্বাগ্রে বেকারত্ব দূরীকরণে কার্যকর ও বাস্তবভিত্তিক উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের স্বার্থে আইন প্রণয়ন করা এবং রাষ্ট্রীয় বরাদ্দ যেন সর্বোচ্চভাবে জনগণের কল্যাণে ব্যবহৃত হয় তা নিশ্চিত করা। নির্বাচিত হলে তিনি বেকারত্ব হ্রাস, সামাজিক নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।
নির্বাচন ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, “কালো টাকা, পেশিশক্তি ও ধর্মের অপব্যবহার গণতন্ত্রের জন্য বড় হুমকি। পাশাপাশি নারী বিদ্বেষী বয়ানও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।” এ সময় তিনি ভোটারদের এসব প্রভাব থেকে মুক্ত থেকে আদর্শভিত্তিক ও জনস্বার্থে কাজ করা প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান।
তিনি নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে, যাতে প্রত্যেক ভোটার স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
উল্লেখ্য, কামরুন্নাহার সাথী কুমিল্লা–৬ আসনের কনিষ্ঠ প্রার্থী। তিনি বাসদের কুমিল্লা জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য। তিনি আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে শিক্ষার্থী। তার জন্ম ২০০০ সালের ২০ নভেম্বর। তিনি বুড়িচং উপজেলার পূণ্যমতি উত্তরপাড়া এলাকার মোহন মিয়া ও হোসনেয়ারা দম্পতির কন্যা। জাতীয় সংসদ নির্বাচনে এটি তার প্রথম অংশগ্রহণ।









