বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

তরুণ ভোটারই নির্ধারণ করবে ফেনীর নির্বাচনী ফলাফল

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Fani Map
তরুণ ভোটারই নির্ধারণ করবে ফেনীর নির্বাচনী ফলাফল/ছবি: কোলাজ রাইজিং কুমিল্লা

ফেনীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সমীকরণে এসেছে বড় ধরনের পরিবর্তন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, জেলায় প্রায় ছয় লাখ তরুণ ভোটার রয়েছেন, যাদের বড় একটি অংশ কখনো কার্যকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন দেখেনি। সংশ্লিষ্টদের মতে, এই তরুণ ভোটারদের ভূমিকার ওপরই নির্ভর করবে জেলার তিনটি সংসদীয় আসনের ফলাফল।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলায় মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৩০ হাজার ৯২৪ জন, যা আগের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৮৭ হাজার ৮৬৭ জন, মহিলা ভোটার ৬ লাখ ৪৩ হাজার ৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বয়সভিত্তিক ভোটার বিভাজন। মোট ভোটারের মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার রয়েছেন ৫ লাখ ৯৩ হাজার ৭৫০ জন, যা মোট ভোটারের প্রায় ৪৪ দশমিক ৬০ শতাংশ। এই বয়সী ভোটারদের একটি ক্ষুদ্র অংশ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও পরবর্তী সময়গুলোতে দেশে কার্যত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হওয়ায় তারা ভোটের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব রাখতে পারেনি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলায় মোট ভোটার ছিল ১২ লাখ ৩৯ হাজার ৯৩৫ জন। এবারে প্রায় এক লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় জেলার রাজনৈতিক সমীকরণে যুক্ত হয়েছে নতুন মাত্রা, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনেই বিএনপির প্রার্থী থাকলেও রাজনৈতিক মাঠে ভিন্ন ভিন্ন প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হচ্ছে। ফেনী সদর আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ঐতিহ্যগতভাবে এটি বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত হলেও নতুন ভোটার এবং ‘জুলাই স্পিরিট’-এর কারণে তিনি মুখ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ফেনী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন (ভিপি জয়নাল) দলীয় ভোট ব্যাংকের পাশাপাশি মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের কারণে স্থানীয়ভাবে আলোচিত ও জনপ্রিয় একজন প্রার্থী।

ফেনী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনুর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম কামাল উদ্দিন। আর ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর বিপরীতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক।

সব মিলিয়ে, তরুণ ভোটারের সংখ্যা বৃদ্ধি, নতুন ভোটারদের রাজনৈতিক মনোভাব এবং একাধিক শক্ত প্রার্থীর উপস্থিতি ফেনীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে করে তুলেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অনিশ্চিত।

আরও পড়ুন