শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-১৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাইজিং কুমিল্লা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

মোট ১২৭টি ভোটকেন্দ্রের ফলাফলের ভিত্তিতে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামায়াতের আমির।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা কার্যক্রম।

এবার ঢাকা-১৫ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুর রহমান এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সামসুল হক, কাস্তে প্রতীকের প্রার্থী আহাম্মদ সাজেদুল হক, নীলাভ পারভেজসহ আরও তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

ভোটার সংখ্যা

উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৩৮ জন।

আরও পড়ুন