
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করে নতুন কর্মস্থলে পদায়নের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। এ জন্য তাঁকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকায় ওএসডি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাকে আবশ্যিকভাবে নিজের পিডিএসে লগইন করে অবমুক্তি ও যোগদানপ্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।










