
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকায় মিছিল করার সময় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), একই থানার দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং দেবীদ্বার উপজেলার ছেচরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।
স্থানীয় সূত্র জানায়, দেবীদ্বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে শুক্রবার দুপুর ১টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মুরাদনগরের লাজৈর এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি চান্দিনার তীরচরের দিকে যাওয়ার সময় পুলিশ ধাওয়া দেয়। এ সময় তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান।
স্থানীয় সূত্র আরো জানায়, মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় তাঁদের কাছ থেকে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের একটি ব্যানার ও কয়েকটি জাতীয় পতাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘মহাসড়কে টহলরত অবস্থায় তাঁদের আটক করা হয়েছে। তবে যে স্থান থেকে তাঁদের আটক করা হয়েছে, সেটি থানার সীমানা অনুযায়ী মুরাদনগর থানা এলাকায় পড়ে।
সে অনুযায়ী তাঁদের মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।










