
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লা অংশের আদর্শ উপজেলার শংকরপুর ও সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয় জানায়, অভিযানে আদর্শ উপজেলার শংকরপুর এলাকায় ‘MAYAMI-3’ নামের একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রি এবং কাঁচা মাংসের রক্ত ও বিষ্ঠার সঙ্গে রান্না করা খাবার রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় মূল্য প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘জাইতুন’ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক মো. সাকিব।
অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হোটেল ও রেস্টুরেন্টগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।










