বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুতে প্রাণ গেল চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষকের

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Chandpur Municipality storekeeper dies of dengue
ডেঙ্গুতে প্রাণ গেল চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষকের/ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫)। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাচাতো ভাই শেখ আল মামুন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফয়সাল শেখ। প্রথমে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বিভিন্ন পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।

মঙ্গলবার দুপুরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মোহাম্মদ ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল লতিফ শেখের বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর পুরান বাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে, পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসকসহ কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন