বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ডলারের দাম আরও ২৫ পয়সা কমলো, রোববার থেকে কার্যকর

রাইজিং ডেস্ক

dollar
ডলার। ছবি: রয়টার্স

মার্কিন মুদ্রা ডলারের দাম আবারও কমলো। ১৫ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় ডলারের দাম ২৫ পয়সা কমিয়ে ১০৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) এবিবি ও বাফেদার এক বৈঠকে তৃতীয় দফায় ডলারের দাম কমানোর এ সিদ্ধান্তের কথা ব্যাংকগুলোকে জানানো হয়েছে।

আগামী সপ্তাহের প্রথম দিন রোববার থেকে টাকা-ডলারের এই বিনিময় হার কার্যকর হবে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাফেদার চেয়ারম্যান আফজাল করিম।

তিনি বলেন, “বুধবার সন্ধ্যায় বাফেদা ও এবিবির বৈঠকে ডলারের দর আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বাজারের ডলারের সরবরাহ বাড়ছে। রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। আরেকটি সুখবর হচ্ছে—আইএমএফের প্রায় ৭০ কোটি ডলার দু-একদিনের মধ্যে রিজার্ভে যোগ হচ্ছে। এডিবি ৪০ কোটি ডলার ঋণসহ আরও কয়েকটি সংস্থার ঋণ কিছুদিনে মধ্যে রিজার্ভে যোগ হবে।”

সব মিলিয়ে ডলারের দর আরও কমবে এবং টাকা শক্তিশালী হবে বলেও জানান তিনি।

এ নিয়ে তিন সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের মুদ্রা টাকার বিপরীতে ডলারের দাম ১ টাকা কমল। এর আগে গত ২৯ নভেম্বর ডলারের বিনিময় দর ২৫ পয়সা কমানো হয়েছিল।

আরও পড়ুন