
আসন্ন ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) চতুর্থ আসর শুরুর আগেই বড় ধাক্কা পেল অস্ট্রেলিয়ার দুই মহাতারকা এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ডকে না পাওয়ায়। ব্যক্তিগত কারণে তারা দুজনই এবারের ডব্লিউপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
এ ছাড়া, ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ায় তারা নরিসও এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না।
আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে তিনজন ক্রিকেটারের বদলি ঘোষণা করেছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের অন্যতম কারিগর এলিসে পেরির পরিবর্তে দলে নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটার সায়ালি সাটগারেকে।
ডব্লিউপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পেরিকে বেঙ্গালুরু ২ কোটি রুপিতে ধরে রেখেছিল। তার অনুপস্থিতিতে ৩০ লাখ রুপিতে সায়ালি সাটগারেকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সায়ালি ইতোমধ্যে তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এর আগে গুজরাট জায়ান্টসের হয়েও মাঠে নেমেছিলেন।
দিল্লি ক্যাপিটালসের রিটেইন করা তারকা অলরাউন্ডার আনাবেল সাদারল্যান্ডের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার নিয়মিত লেগস্পিনার অ্যালানা কিং।
সাদারল্যান্ডের ২.২ কোটি রুপি ভিত্তিমূল্যের জায়গায় দলে আসা অ্যালানা কিং গত আসরে মাত্র একটি ম্যাচ খেললেও নারী বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। সেখানে ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে নিজের বোলিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের তারা নরিস এবারের ডব্লিউপিএলে খেলতে না পারায় তার পরিবর্তে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটিং অলরাউন্ডার চারলি নটকে।
যদিও এখনও তার আন্তর্জাতিক অভিষেক হয়নি, তবে বিগ ব্যাশ ও দ্য হান্ড্রেডের মতো বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে চারলি নটের।
তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি সত্ত্বেও এই তিনটি বদলির মাধ্যমে আসন্ন ওমেন্স প্রিমিয়ার লিগ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হবে বলেই আশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।










