
একদিনে দেশের ১৫৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮১৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় ভাড়া ও জরিমানাসহ মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা আদায় করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পৃথক তথ্যে এ তথ্য জানানো হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৪ জন টিকিট পরীক্ষক (টিটিই) দায়িত্ব পালন করেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ অভিযানে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০ জন।
অভিযান চলাকালে ভাড়া আদায় করা হয় ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় করা হয় ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। ফলে পশ্চিমাঞ্চলে রেলওয়ের মোট আয় দাঁড়ায় ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওইদিন পশ্চিমাঞ্চলে মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।
একই দিন (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০২ জন টিটিই দায়িত্ব পালন করেন। তারা ৭৬টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় টিকিটবিহীন ভ্রমণকারী হিসেবে শনাক্ত করা হয় ২ হাজার ৭৫৫ জন যাত্রীকে।
পূর্বাঞ্চলের অভিযানে ভাড়া আদায় করা হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা। সব মিলিয়ে এ অঞ্চলে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। এদিন পূর্বাঞ্চলে মোট ২ হাজার ৭৩৯টি টিকিট যাচাই করা হয়।








