শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াতের জোটে যোগ দিলেন এলডিপি ও এনসিপি

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - LDP and NCP join Jamaat-e-Islami alliance
জামায়াতের জোটে যোগ দিলেন এলডিপি ও এনসিপি / ছবি: সংগৃহীত

আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুতই এর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঘোষিত নির্বাচনি তারিখে কোনো ধরনের হেরফের হওয়া উচিত নয়। নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জামায়াতের নেতৃত্বে আন্দোলনরত আট দলের উদ্যোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান মুফতি বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ডা. অলি আহমদ, বীর বিক্রম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক; মহাসচিব ডা. আহমদ আব্দুল কাদের; ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন; নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আব্দুল মাজেদ; ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম; বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েব আমির মুজিবুর রহমান হামিদী; জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, দেশ বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছে। এই বাস্তবতা থেকে প্রিয় বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে শোষণ-বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আটটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজ আরও দুটি রাজনৈতিক দল—কর্নেল (অব.) ডা. অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন এলডিপি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এই জোটে যুক্ত হয়েছে।

তিনি জানান, এনসিপির সঙ্গে ইতোমধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। সময়স্বল্পতার কারণে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বৈঠকে অংশ নিয়ে দলের সিদ্ধান্ত জোটকে অবহিত করেছেন। শিগগিরই এনসিপি আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করবে বলেও জানান তিনি।

নির্বাচনী সমঝোতা প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ৩০০ আসনেই দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে এবং প্রায় সব আসনে সমঝোতা চূড়ান্ত। শেষ পর্যায়ে যুক্ত হওয়া দুই দলের কারণে কিছু কারিগরি বিষয় এখনো রয়ে গেছে। তবে মনোনয়ন দাখিলের পর পারস্পরিক আলোচনার মাধ্যমে এসব বিষয় সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ঘোষিত তারিখেই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এই জোট সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনো সবার জন্য সমতল মাঠ তৈরি হয়নি। সংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ও সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কোনো ধরনের পক্ষপাত, ভয়ভীতি কিংবা লোভ-লালসার কাছে নতি স্বীকার করলে জাতি তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, বিগত কয়েকটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো নির্বাচন প্রক্রিয়া মেনে নেওয়া হবে না। ভোটাধিকার রক্ষায় এই জোট ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান ২০২৪ সালের গণআন্দোলনে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই জোট কেবল নির্বাচনী জোট নয়; এটি একটি রাজনৈতিক, আন্দোলন ও দেশ গঠনের জোট। জাতীয় স্বার্থ ও জাতীয় ইস্যুতে ভবিষ্যতেও দলগুলো একসঙ্গে কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকদের উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে জামায়াত আমীর বলেন, জাতীয় স্বার্থে এই ঐক্য আরও সুদৃঢ় হবে—ইনশাআল্লাহ।

আরও পড়ুন