মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

জামায়াত নেতা তাহেরের কুমিল্লা-১১ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Dr. Syed Abdullah Mohammed Taher
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদা। তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিজয়ের বিরুদ্ধে এ আবেদন করেন।

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনে জয়লাভ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে বিভিন্ন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ২০টিরও বেশি নির্বাচনি আবেদন হাইকোর্টে দাখিল করা হয়। শুনানির জন্য এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচন-সংক্রান্ত সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় দেখা যায়, এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ‘নির্বাচনি’ আবেদনপত্রের শুনানি করা হচ্ছে। এই বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলো এবং সংশ্লিষ্ট রুল ও আবেদনপত্র গ্রহণ ও শুনানির এখতিয়ারও রয়েছে।

আরও পড়ুন