শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াত ধর্ম নিয়ে কাজ করে কিন্তু ধর্মকে ব্যবহার করে না—জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Jamaat-e-Islami Ameer Dr. Shafiqur Rahman
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ছবি: সংগৃহীত

ব্যক্তি বা নির্দিষ্ট দলের জন্য নয়, বরং জনগণের রাজনীতি করে জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ধর্ম নিয়ে কাজ করে কিন্তু কখনোই ধর্মকে ব্যবহার করে না।

সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডা. শফিকুর রহমান জানান, বৈঠকে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ইইউ প্রতিনিধিরা জানতে চান—আসন্ন নির্বাচনের জন্য জামায়াতের প্রস্তুতি কতটুকু এবং সাধারণ নির্বাচন ও গণভোট একই দিনে হলে কোনো জটিলতা তৈরি হবে কি না। জবাবে জামায়াত আমির বলেন, দেশের সাধারণ মানুষ এ বিষয়ে খুব সচেতন নয়, ফলে একই দিনে ভোট হলে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। তাই দুটি নির্বাচন আলাদা করে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা এখনো সরকার চাইলে করতে পারে।

ক্ষমতায় গেলে কী করবেন—এমন প্রশ্নে তিনি বলেন, জামায়াত একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়তে চায়। কোনো রাজনৈতিক দলকে বাদ দেওয়ার চিন্তা নয় বরং জাতীয় স্বার্থেই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় তারা। তার দাবি, জামায়াত ক্ষমতায় গেলে অন্তত পাঁচ বছর দেশের স্থিতিশীলতা ফিরে আসবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সরকার গঠনের ক্ষেত্রে দুইটি বিষয়ের ওপর জোর দেওয়া হবে:

১) কেউ দুর্নীতি করবে না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।

২) সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে—এ ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না।

যারা এই দুই দফায় একমত হবেন, জামায়াত তাদের নিয়েই সরকার গঠনে আগ্রহী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা রাজনীতিতে কোনো সংকট সৃষ্টি করতে পারে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, মানবজীবনে সুস্থতা-অসুস্থতা আল্লাহর ওপর নির্ভরশীল। দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করছে। তবে কোনো ব্যক্তির অসুস্থতার সঙ্গে রাষ্ট্র বা সমাজের চাকা থেমে থাকা উচিত নয়।

ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত জরুরি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এ সময়সূচিতে সামান্য পরিবর্তন হলেও দেশ গভীর সংকটে পড়বে। দেশের ভবিষ্যৎ ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন