মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬

চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক, আমরা চাই না: স্বাস্থ্যমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - We do not want anyone to die due to a lack of medical treatment- Health Minister
চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক, আমরা চাই না: স্বাস্থ্যমন্ত্রী/ছবি: সংগৃহীত

‘চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক, আমরা তা চাই না। যা আছে, তা দিয়েই দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করতে চাই’—বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যার হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রায় আড়াই ঘণ্টার পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাসেবার মান, ওষুধের সরবরাহ, রোগীদের খাবারের মান, চিকিৎসক সংকট এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন। জনগণের প্রতি সরকারের বড় ধরনের দায়বদ্ধতা রয়েছে। অতীতের অজুহাত দিয়ে আর লাভ নেই। সারাদেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

তিনি বলেন, ‘আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক। যা আছে, তা দিয়েই গরিব মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এ কারণে ৫০ শয্যার এই হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।’

এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সরকারি সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা থাকা সত্ত্বেও বাইরে থেকে স্বাস্থ্য পরীক্ষা করানোর অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখেন মন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

হাসপাতালের সেবার মান বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতের চলমান সংস্কার ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যখাতের অনিয়ম দূর করে চিকিৎসাব্যবস্থাকে আরও দক্ষ ও সুশৃঙ্খল করতে নির্দিষ্ট সময় প্রয়োজন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সরকারি হাসপাতালের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন