বুধবার ১১ নভেম্বর, ২০২৬

চার মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ২৩৭ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিক/প্রতীকি ছবি/সংগৃহীত

বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাড়ছে দেশের পোশাক রপ্তানি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রপ্তানি হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২১৭ কোটি ডলার।

নতুন বাজারগুলোর মধ্যে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি, যা দেশের তৈরি পোশাকশিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগেই প্রয়োজনীয় সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে। নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করাই এ উদ্যোগের লক্ষ্য।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। সেই হিসাবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশে।

চার মাসে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার। অপ্রচলিত বাজারগুলোতে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশই এসেছে দেশটি থেকে। ফলে বাংলাদেশের মোট অপ্রচলিত বাজারভিত্তিক পোশাক রপ্তানিতে তুরস্কের অংশও বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত বছরের একই সময়ে দেশটির অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা এবার বেড়ে হয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ।

অন্যদিকে, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রপ্তানি গন্তব্য এখনো জাপান। আলোচ্য চার মাসে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪০ শতাংশ। অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ১৮ দশমিক ৪৪ শতাংশ গেছে জাপানে।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে পৌঁছেছে। তবে ব্যতিক্রম ভারতের বাজার। দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।

শীর্ষ পাঁচ বাজারের বাইরেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। অন্যান্য দেশ মিলিয়ে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে এসব বাজার থেকে আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।

মাসভিত্তিক হিসাবেও নতুন বাজারে রপ্তানি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। শুধু অক্টোবর মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। এ মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।

অক্টোবরে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরেই রয়েছে তুরস্ক। অক্টোবরে জাপানে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

একই সময়ে অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। তবে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন ও অপ্রচলিত বাজারে রপ্তানি সম্প্রসারণ দেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপান ও তুরস্কের মতো বড় বাজারে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দেশেও এই ধারা অব্যাহত থাকলে প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরশীলতা কমবে।

একই সঙ্গে এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখা এবং নতুন ক্রেতা ও বাজার তৈরির ক্ষেত্রেও এই বহুমুখীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: বাসস

আরও পড়ুন