
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার গ্রামে মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজ ও এলাকাকে রক্ষা করতে এক ব্যতিক্রমী ও যুগান্তকারী ‘সর্বদলীয় মাদক বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মেহার গ্রামে আয়োজিত এই সমাবেশে অত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিক্রেতা এবং সেবনকারীরা সশরীরে উপস্থিত হয়ে জনসম্মুখে মাদক পরিহারের শপথ নেন এবং সুস্থ জীবনে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা দেন। যা এলাকায় এক ইতিবাচক ও স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করেছে।
মাইজখার ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব হারুনুর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। সমাবেশের মূল উদ্দেশ্য ছিল মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা।
সমাবেশে আগত মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা তাদের ভুল স্বীকার করে ভবিষ্যতে কোনো প্রকার মাদক কেনা-বেচা বা সেবনের সঙ্গে জড়িত না হওয়ার জন্য সবার সামনে সম্মতি ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারা এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
সমাবেশে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ। বক্তাদের মধ্যে ছিলেন আবুল কালাম আজাদ, রাসেল সরকার, আবুল বাশর মেম্বার, মুজিব প্রধান, মোঃ শাহাজান সরকার, রোকন সরকার এবং মিজানুর রহমান সহ আরও অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
বক্তারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যারা এই শপথের পরেও পুনরায় মাদক ব্যবসায় ফিরে যাবে, তাদের বিরুদ্ধে সামাজিক ও আইনগতভাবে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক মুক্ত সমাজ গড়ার এই আন্দোলনে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে জনাব হারুনুর রশিদ বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। আজকের এই সমাবেশের মাধ্যমে মেহার গ্রাম মাদকমুক্ত হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল।
তিনি উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার অনুরোধ জানান এবং যারা অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। এই মহতী উদ্যোগের ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।







