
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গানসহ মো. ফরহাদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার একটি দল চর ওয়েস্টার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করা হয়।
চাঁদপুর পুলিশ মিডিয়া সেলের তথ্যমতে, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।








