
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪৬ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় এবং একজন প্রার্থী স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
রিটার্নিং কর্মকর্তা জানান, যেসব ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশের হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার বিষয়টি প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
নির্ধারিত বিধি-বিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।









