শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরে শুরু দুই দিনব্যাপী মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরে শুরু দুই দিনব্যাপী মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট/ছবি: সংগৃহীত

চাঁদপুর স্টেডিয়ামে দুই দিনব্যাপী মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টায় স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।

উদ্বোধনী বক্তব্যে একরামুল সিদ্দিক বলেন, মাদক ব্যবহারকারীরা নিজেদের পরিবার-পরিজনের ওপর নির্যাতন চালায় এবং মাদকের টাকার জন্য খারাপ আচরণ করে। তারা পরিবার ও সমাজের জন্য হুমকি। তিনি আরও বলেন, খেলোয়াড়রা কখনো খারাপ কাজে জড়ায় না। খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে রাখে। তবে দুঃখজনকভাবে বর্তমানে যুবসমাজ অনলাইন গেমস ও জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা সমাজের জন্য উদ্বেগজনক।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—

  • জেলা অনূর্ধ্ব–১৪

  • জেলা অনূর্ধ্ব–১৬

  • জেলা অনূর্ধ্ব–১৮

  • মর্নিং ব্যাচ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার হাসান আল জায়েদ রিফাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও বক্তব্য দেন এনডিসি আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল কবির, ক্রীড়া সংগঠক ও গুয়াখোলা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ফয়সাল গাজী বাহার।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাজমুল শাহাদাত ফাহিম, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শেখ মঞ্জুর কাদের সোহেল, ক্রিকেট কোচ পলাশ কুমার সোমসহ বিভিন্ন দলের ক্রিকেটার ও ক্রীড়ানুরাগীরা।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন