বুধবার ৪ মার্চ, ২০২৬

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - 3 companies fined Tk 55,000 in Chandpur drive by Consumer Affairs Department
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে পণ্যের প্যাকেট ব্যবহারে প্রতারণাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযান সম্পর্কে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, শহরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। এ সময় বাজার থেকে বস্তায় খোলা পণ্য কিনে অন্য প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা সংবলিত প্যাকেট ব্যবহার করে জিরা, কিসমিসসহ বিভিন্ন মশলা জাতীয় পণ্য প্যাকেটজাত করে বিক্রির অপরাধে মেসার্স সততা ভাণ্ডারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে মাস্টার অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ২ হাজার টাকা এবং পেঁয়াজ বিক্রির সময় পাকা ভাউচার প্রদান না করার অপরাধে রফিক অ্যান্ড সন্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৫৫ হাজার টাকা।

অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ব্যবহার করা অননুমোদিত প্যাকেট জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পুরান বাজার এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি পুলিশ দল এবং জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন