বুধবার ১৮ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে পৌরসভার ডাম্পিং স্টেশনে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Initiative to produce fuel from waste at the municipal dumping station in Chandpur
চাঁদপুরে পৌরসভার ডাম্পিং স্টেশনে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ/ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চাঁদপুর পৌরসভার ফেলে দেওয়া বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের (জেএসিইএ) সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে পৌরসভার বর্জ্যকে জ্বালানি সম্পদে রূপান্তরের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণিখোলা পৌরসভার ডাম্পিং স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে এবং জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশন, টোকিওর সহযোগিতায় পরীক্ষামূলক এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনের পর জেলা প্রশাসক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রক্রিয়া, ব্যবহৃত প্রযুক্তি ও প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি জাপানি প্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে কার্যক্রমের অগ্রগতি, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। প্রতিদিন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা না গেলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের এ উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময়। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিত্যক্ত বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব।

প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাকাহাশি শিনসুকে, পরিচালক জুনজি সুয়েনাগা, প্রকল্প প্রকৌশলী শিমোহাশি হিদাকি, নাগাহাসি ইউইয়া ও ওকেবো তসিহারু উপস্থিত ছিলেন।

এ ছাড়া চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, প্রকল্প সমন্বয়কারী শাহজাহান আলী শাওন, দোভাষী ওবায়দুর রহমান রতন এবং কাজল মজুমদার অপু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন