শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরে ট্রাফিক পুলিশের জোরদার অভিযান

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Traffic police launch massive operation in Chandpur
চাঁদপুরে ট্রাফিক পুলিশের জোরদার অভিযান/ছবি: সংগৃহীত

চাঁদপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট কমাতে পুলিশ সুপার (এসপি) রবিউল হাসানের নির্দেশনায় ট্রাফিক বিভাগ জোরদার অভিযান পরিচালনা করছে। শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ হকার উচ্ছেদ, অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শব্দ দূষণ রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাশ গতকাল বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন। এসপির বিশেষ নির্দেশনায় দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় নবাগত টিআই প্রবীর দাশের নেতৃত্বে প্রতিদিনই শহরের বিভিন্ন সড়কে অভিযান চলছে। এতে পথচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

গণমাধ্যমকে তিনি জানান, “এসপি মহোদয়ের কঠোর নির্দেশনায় আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করছি। পাশাপাশি রাস্তায় মোটরসাইকেলের অনাকাঙ্ক্ষিত সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে বিশেষ অভিযান চলছে। এসব সাউন্ড সিস্টেম পরিবেশে শব্দ দূষণের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।”

টিআই প্রবীর আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরীক্ষামূলকভাবে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে এবং এতে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। জনগণও বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এ ধরনের ডিভাইডার স্থাপন করা হবে।

এদিকে, জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে রাস্তায় অবৈধভাবে বসে থাকা হকারদের উচ্ছেদেও নিয়মিত অভিযান চালাচ্ছে ট্রাফিক বিভাগ।

সব মিলিয়ে যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগের এসব উদ্যোগ ইতোমধ্যে জনসাধারণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

আরও পড়ুন