
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। বুধবার সকালে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, “আজ মায়েদের স্বীকৃতির দিন। যেসব মা স্বর্ণ সন্তানদের জন্ম দিয়েছেন, তাদের স্যালুট জানাই। আজকের দিবস তাদের সন্তানের জন্যই পালন করা হচ্ছে।”
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী। প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন কামাল মিজী ও মো. সফিউল্লা। এছাড়া কবিতা আবৃত্তি ও অভিনয় উপস্থাপন করেন নুরজাহানসহ অন্যান্য অংশগ্রহণকারীরা।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রাঙ্গণের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার এবং বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়।









