
হঠাৎ করেই বেড়ে যাওয়া শীত সবচেয়ে বেশি আঘাত হানছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের ওপর। রাতের কনকনে ঠান্ডায় কাপড় জড়িয়ে কোনোমতে আশ্রয় নেওয়া এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
বুধবার গভীর রাতে তিনি শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। কালীবাড়ি মোড়ের রেলওয়ে প্লাটফর্ম, লঞ্চঘাট, বড় স্টেশনের মোলহেডসহ শহরের বিভিন্ন স্পটে দেখা যায়—জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র বিতরণের দৃশ্য। হঠাৎ তীব্র শীত বৃদ্ধি পাওয়ায় তাৎক্ষণিক পরিকল্পনায় নেওয়া হয় এ মানবিক উদ্যোগ।
শীতবস্ত্র বিতরণের সময় ডিসি নাজমুল ইসলাম সরকার অনেক শীতার্ত মানুষের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। কেউ কৃতজ্ঞতায় তাঁর হাত চেপে ধরেন, একজন বৃদ্ধা তাঁকে দোয়া করেন—উপস্থিত সবাই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন।
গণমাধ্যমকে জেলা প্রশাসক বলেন, “সারাদেশের মতো চাঁদপুরেও শীতের তীব্রতা বেড়েছে। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা রাস্তায় থাকেন, তাদের কষ্টও বেড়ে যায়। তাদের কষ্টের কথা ভেবেই এই কর্মসূচি।”
তিনি আরও জানান, জেলার প্রতিটি উপজেলায়ও শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রকৃত প্রয়োজন, সবাইকে এই সহায়তার আওতায় আনা হবে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।









