শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

রাইজিং কুমিল্লা ডেস্ক

চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা/ছবি: সংগৃহীত

বিধিবহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মো. জালাল উদ্দিন, তাঁর স্ত্রী ও তিন সন্তানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন সোমবার এ আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন— জালাল উদ্দিনের স্ত্রী শাহানাজ শারমিন, দুই ছেলে সাইদ মোহাম্মদ রিজভী ও সাইদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসমিয়া তানভী।

দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ আদালতে বিদেশ গমন নিষেধাজ্ঞার আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

আবেদনে উল্লেখ করা হয়, মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি এসব অর্থ নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে, যা বর্তমানে দুদকের অনুসন্ধানাধীন।

এ ছাড়া আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে— মো. জালাল উদ্দিন সপরিবার যেকোনো সময় দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে।

আরও পড়ুন