
চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ট্রাফিক বিভাগ, চাঁদপুরের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) জেলা পুলিশ, চাঁদপুরের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ট্রাফিক বিভাগ, চাঁদপুরের সকল অফিসার ও ফোর্স সদস্যরা অংশগ্রহণ করেন। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কসহ আঞ্চলিক সড়ক ও শহরের প্রধান প্রধান সড়কে যানজট নিরসনের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।
পুলিশ সুপারের আমন্ত্রণে উক্ত সভায় চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
সভায় পুলিশ সুপার মহোদয় ট্রাফিক বিভাগের সকল সদস্যের সঙ্গে পরিচিত হন এবং তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হন।
এ সময় তিনি চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক, জেলার আঞ্চলিক সড়কসমূহ এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন পুলিশ সুপার।
তিনি ট্রাফিক বিভাগের প্রত্যেক সদস্যকে সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর; মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর; মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); ট্রাফিক বিভাগের টিআইসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।









