
চট্টগ্রামের চন্দনাইশে নির্মাণশ্রমিক সালাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মো. হানিফ (২৮) কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, বুধবার (১৮ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানার পিপুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হানিফ চন্দনাইশ থানার দিয়াকুল এলাকার বাসিন্দা এবং মফিজুর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত সালাউদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া থানার বাসিন্দা এবং পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। গত ১৩ মার্চ রাত ৯টার দিকে চন্দনাইশে ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়িতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং হানিফ ছুরি দিয়ে সালাউদ্দিনের তলপেটে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৪ মার্চ সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই হানিফ আত্মগোপনে ছিলেন।
অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









