
ভারতের হরিয়ানা রাজ্যে ঘন কুয়াশার কারণে একাধিক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো অঞ্চল, ফলে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায় এবং যান চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে, হরিয়ানার হিসার এলাকায় জাতীয় সড়ক ৫২-এ সকাল প্রায় ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই পেছন থেকে আসা একের পর এক যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িগুলোর সঙ্গে ধাক্কা দিতে থাকে। এতে সড়কের ওপর দুর্ঘটনাকবলিত যানবাহনের একটি বড় স্তূপ তৈরি হয়।
সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে এক মোটরসাইকেল আরোহী সামান্য আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জাতীয় মহাসড়ক ৩৫২-এ আরেকটি বড় দুর্ঘটনা ঘটে। সেখানে তিন থেকে চারটি বাস একে অপরকে ধাক্কা দিলে কয়েকজন যাত্রী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে রোহতাক এলাকায় জাতীয় মহাসড়ক ১৫২-ডি মোড়ে আরও ভয়াবহ একটি দুর্ঘটনার ঘটনা ঘটে। সেখানে প্রায় ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি ট্রাক ও একটি গাড়ির মধ্যে ধাক্কার ঘটনা ঘটে। পরে পেছন থেকে আসা অন্যান্য গাড়ি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায়ও কয়েকজন আহত হন। পুলিশ ও প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রসঙ্গত, হরিয়ানায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। বর্তমানে সেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কুয়াশার কারণে সড়কে যান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি










