মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬

গ্রাম্য সালিসে নারীকে জুতাপেটা, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla -Woman beaten with a shoe during a village arbitration, Union Parishad (UP) chairman in Brahmanpara, Comilla, dismissed.
গ্রাম্য সালিসে নারীকে জুতাপেটা, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান বরখাস্ত/ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্রাম্য সালিসে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (৮ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চেয়ারম্যানের বিরুদ্ধে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে মাধবপুর ইউনিয়নে অনুষ্ঠিত একটি গ্রাম্য সালিসে নারীকে প্রহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান ফরিদ উদ্দিনের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া তার বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, গত ১৮ আগস্ট মাধবপুর ইউনিয়নে একটি গ্রাম্য সালিসে সামাজিক বিচারের নামে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করেন চেয়ারম্যান ফরিদ উদ্দিন। ওই নারী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত—এমন অভিযোগ তুলে তাকে শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়।

এদিকে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, ‘আমি অনলাইনে চিঠি দেখেছি। চিঠির জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হবে।’

আরও পড়ুন