
আবারও কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রবিবার (১৫ মার্চ) জারি করা এক আদেশে কোম্পানির আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৫ মার্চ থেকে বাড়িয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর আগে এনবিআর দুই দফায় সময়সীমা বাড়িয়েছিল। প্রথমে কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। পরে তা বাড়িয়ে ১৫ মার্চ করা হয়। সর্বশেষ আদেশে আবারও এক মাস সময় বাড়ানো হলো।
করনীতির দ্বিতীয় সচিব একরামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে আয়কর আইন, ২০২৩-এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪–২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করা হলো।’
সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়ানোর দাবিতে ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন এনবিআরের কাছে চিঠি দেয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্যও আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। তাদের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত।









