
কুমিল্লার বুড়িচং উপজেলায় মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় নামাজরত এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই বৃদ্ধের নাম হারুনুর রশিদ (৮০)। তিনি সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের জানান, মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের উদ্দেশ্যে হারুনুর রশিদ মসজিদে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে এশার নামাজ আদায়ের জন্য তিনি দাঁড়ান। দুই রাকাত সুন্নাত নামাজ শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের ভেতরেই মারা যান।
নিহতের জামাতা কাজী মো. সেফাউল করিম জানান, ইতিকাফ অবস্থায় এশার নামাজ পড়ার সময় তার শ্বশুরের মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।









