
কুমিল্লাসহ দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মাঠ প্রশাসনের এই পদে রদবদলের অংশ হিসেবে মু. রেজা হাসান-কে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়োগের ফলে বর্তমান জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিটিএস) পরিচালক (উপসচিব) এসএম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোণায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁতে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।









