সোমবার ৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, দালালকে পুলিশে সোপর্দ

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Raid at Chandina Upazila Health Complex, tout handed over to police.
কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, দালালকে পুলিশে সোপর্দ /ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে মো. ইসমাইল হোসেন নামের এক দালালকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইসমাইল চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকার আবু মুসার ছেলে।

দুপুরে সংসদ সদস্য আতিকুল আলম শাওন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতাল পরিচালকের নেতৃত্বে একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। সংসদ সদস্য বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ ঘুরে রোগীদের সেবার খোঁজখবর নেওয়ার সময় ২০৩ নম্বর রুমের সামনে এক ভুক্তভোগী রোগী এমপি ও তার সফরসঙ্গীদের কাছে সরাসরি ইসমাইলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন।

ভুক্তভোগী জানান, সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও ইসমাইল দীর্ঘদিন ধরে রোগীদের নানা ভয়ভীতি ও ভুল তথ্য দিয়ে বাইরে ক্লিনিকে ভাগিয়ে নিয়ে আসছিলেন। অভিযোগ পাওয়ার পরপরই এমপির নির্দেশে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করেন এবং পরে চান্দিনা থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, দালাল চক্রের সদস্য ইসমাইলকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে এমপি আতিকুল আলম শাওনের এই আকস্মিক পদক্ষেপে হাসপাতাল চত্বরে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। তারা জানান, দালালদের দৌরাত্ম্যের কারণে সরকারি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল এবং এ ধরনের প্রশাসনিক নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ নির্ভয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।

আরও পড়ুন