
কুমিল্লার চান্দিনায় অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ নিয়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন কারখানাটির সহস্রাধিক শ্রমিক। পাশাপাশি তাদের পরিবারেও দেখা দিয়েছে আর্থিক অনিশ্চয়তা।
রোববার (১৫ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে এক মাসের জন্য কার্যক্রম বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে কাজে যোগ দিতে আসা শত শত শ্রমিক কারখানায় প্রবেশ করতে না পেরে ফিরে যান।
কারখানা কর্তৃপক্ষের সাঁটানো নোটিশে বলা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব বিভাগ চালু করা হলে অক্টোবর মাসের বকেয়া বেতন আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন ২০২৬-এর ১২ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১৪ নভেম্বর থেকে আগামী ৩০ দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।
কারখানার শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেতন পরিশোধ নিয়ে টালবাহানা করে আসছে মালিকপক্ষ। কয়েক মাসের বেতন বকেয়া হলে শ্রমিকদের আন্দোলন ও মহাসড়ক অবরোধের পর বেতন পরিশোধ করা হয়। প্রায় চার মাস আগেও এমন পরিস্থিতিতে প্রশাসনের উপস্থিতিতে প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লিখিতভাবে সম্মত হয়েছিল কর্তৃপক্ষ।
শ্রমিক মৌসুমী আক্তার জানান, কয়েক মাস ভালোভাবে বেতন পরিশোধের পর আবারও অনিয়ম শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসের বেতন চলতি মাসের ৩ তারিখে দেওয়া হয়। অক্টোবর মাসের বেতন ১৫ নভেম্বর দেওয়ার কথা থাকলেও ১২ নভেম্বরের বৈঠকে মালিকপক্ষ ২৫ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের কথা জানায়।
তিনি বলেন, শ্রমিকরা নির্ধারিত সময়ের মধ্যে বেতন পাওয়ার দাবি জানালেও মালিকপক্ষের প্রস্তাবে রাজি হননি। এর পরিপ্রেক্ষিতে রোববার সকালে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।
তবে কারখানা বন্ধের পেছনে শ্রমিকদের অসহযোগিতাকে দায়ী করছেন কর্তৃপক্ষ। ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’-এর পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ব্যাংক থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় তারা আর্থিক সংকটে রয়েছেন। সময়মতো পোশাক শিফটমেন্ট দিতে পারলে কারখানার কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হতো। কিন্তু শ্রমিকদের অনিয়মিত উপস্থিতি এবং ওভারটাইমে অনীহার কারণে নির্ধারিত সময়ে পোশাক শিফটমেন্ট দেওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমানে শ্রমিকদের শুধু অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১২ নভেম্বরের বৈঠকে ২৫ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের কথা জানানো হলেও শ্রমিকরা তা মেনে নিতে রাজি হননি। বরং আন্দোলনের চেষ্টা করছেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই বাধ্য হয়ে এক মাসের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কারখানাটি বন্ধ ঘোষণার পর চান্দিনার বেলাশহর এলাকায় এর প্রভাব পড়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কারখানাকেন্দ্রিক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে মানুষের উপস্থিতি কমে গেছে। পুরো এলাকায় আগের মতো কর্মচাঞ্চল্য নেই।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই কারখানাটির শ্রমিকদের তিন-চার মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি শুনে আসছিলেন। পরে প্রশাসনের উদ্যোগে সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের পরামর্শ দেওয়া হলে মালিকপক্ষ তাতে সম্মতি দেয়। এরপর থেকে নিয়মিত ওই সময়ের মধ্যে বেতন দেওয়া হচ্ছিল।
ইউএনও বলেন, এবার শুধু এক মাসের বেতন বকেয়া রয়েছে। সেটি পরিশোধের জন্য মালিকপক্ষ ১৫ দিনের বেশি সময় চেয়েছে। শ্রমিকরা তাতে সম্মত হননি। রোববার শ্রমিকদের বিভিন্নভাবে বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করা হয়েছে। ২৫ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের দায়িত্ব নেওয়া হলেও শ্রমিকরা তা মানতে চাননি।
তিনি আরও জানান, শ্রমিকরা কাজে ফিরলে মালিকপক্ষ কারখানা চালু করতে পারে বলে তিনি জানতে পেরেছেন। যারা কাজে ফিরতে আগ্রহী, তাদের সার্বিক সহযোগিতা করা হবে।










