
কুমিল্লার কোতয়ালি মডেল থানাধীন সংরাইশ এলাকায় বিশেষ অভিযানে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসীরা।
র্যাব-১১ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সংরাইশ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১-এর একটি দল। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সন্ত্রাসীরা কোতয়ালি মডেল থানার সংরাইশ এলাকার ক্যাফে ৩৫০০-এর উত্তর পাশে গোমতী নদীর তীরে অবস্থান করছিল। তাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন অপরাধ সংঘটন।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া ওই ব্যাগটি তল্লাশি করে উদ্ধার করা হয় এসব অস্ত্র ও গোলাবারুদ।
র্যাব সূত্র আরও জানায়, র্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতিমালার অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে র্যাব-১১ কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের দমন করতে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।









