
কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে একই থানার গাজীপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৭ হাজার ৮শত পিস ইয়াবাসহ আঃ কাদের তপু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়া কোতয়ালী থানার রাজমঙ্গলপুর এলাকায় আরও একটি অভিযানে মাদক ব্যবসায়ী জসিম খন্দকারের বাড়ির পানির ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









