সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় মায়ের কুলখানির আয়োজনে ব্যস্ত ছিলেন, সন্ধ্যাতেই নিভে গেল প্রাণ

রাইজিং কুমিল্লা ডেস্ক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মায়ের কুলখানির দিনেই মৃত্যুবরণ করেছেন তাঁর একমাত্র ছেলে মানিক মিয়া (৫৫)। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান মানিক মিয়ার মা আমেনা বেগম (৭৫)। মঙ্গলবার ছিল তাঁর কুলখানির দিন। এ উপলক্ষে সকাল থেকেই বাড়িতে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের ভিড় জমে ওঠে। মানিক মিয়া নিজেই কুলখানির সমস্ত প্রস্তুতি ও অতিথি আপ্যায়নে দিনভর ব্যস্ত ছিলেন।

কিন্তু দিন শেষে সন্ধ্যার দিকে হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অরূপ সিংহ বলেন,
‘সন্ধ্যায় একজনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

একই পরিবারের মধ্যে অল্প সময়ের ব্যবধানে মা ও ছেলের এমন করুণ মৃত্যুতে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। বড়ধুশিয়া এলাকায় বইছে শোকের হাওয়া, আর এলাকাবাসীর চোখে মুখে গভীর বেদনার ছাপ।

আরও পড়ুন