
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা যৌথভাবে অংশ নেন।
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে আগেই সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থাপনা না সরানোয় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এর ধারাবাহিকতায় বুড়িচং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সওজের কর্মকর্তারা তিনটি বুলডোজার নিয়ে নিমসার বাজার এলাকায় মহাসড়কের দুই পাশে অভিযান চালান। এ সময় সড়কের দুই পাশ থেকে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
গৌরীপুর সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা জানান, মহাসড়কের স্বাভাবিক গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করতে মহাসড়কে সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।









