রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গীতানুষ্ঠান’

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - District Information Office holds 'Truck Music Concert' to raise voter awareness in Comilla
কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গীতানুষ্ঠান’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুমিল্লায় প্রচারণামূলক কর্মসূচি পালন করছে জেলা তথ্য অফিস। ‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বিভিন্ন উপজেলায় ট্রাকযোগে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সুরে সুরে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে একটি সুসজ্জিত ট্রাককে অস্থায়ী মঞ্চ হিসেবে ব্যবহার করে স্থানীয় লোকসংগীত শিল্পীরা গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে ভোট প্রদানের গুরুত্ব এবং নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় মাঠে এই ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সঙ্গীতানুষ্ঠান প্রদর্শিত হবে।

অনুষ্ঠানে শিল্পীরা দেহতত্ত্ব, দেশাত্মবোধক এবং নির্বাচনী সচেতনতামূলক গান পরিবেশন করেন। প্রচারণার মূল লক্ষ্য ছিল ‘গণভোট ২০২৬’ সফল করা এবং একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করা।

কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিকসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আমরা আশা করছি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণা কার্যক্রমের জন্য যে ভ্রাম্যমান ট্রাকযোগে সঙ্গীতানুষ্ঠান উদ্বোধন করেছি তা সফলভাবে সমাপ্ত হবে। আমাদের যে ভ্রাম্যমান টিম, আপনারা সংগীত পরিবেশন করে সাধারণ মানুষকে গণভোটে উদ্বুদ্ধ করবেন।

অনুষ্ঠানে বক্তব্যে জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইতোমধ্যে কুমিল্লার ১৭টি উপজেলার ১৯২টি ইউনিয়নে রিকশাযোগে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ৩৭টি উঠান বৈঠক আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রম ধারাবাহিকভাবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

এ সময় জেলা তথ্য অফিসের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন