
বিজয়ের মাসকে স্মরণীয় করে রাখতে “চলো সাইকেলে চড়ে শোনাই বিজয়ের গান”—এই প্রতিপাদ্যে কুমিল্লায় বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা।
মঙ্গলবার অনুষ্ঠিত এ সাইকেল র্যালিতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাছান আহমেদ এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি নাজমুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুন এবং সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।
সাইকেল র্যালিটি কুমিল্লা নগরীর পূবালী চত্বর থেকে শুরু হয়ে রাজগঞ্জ মোড়, ফৌজদারি মোড় ও পুলিশলাইন মোড় প্রদক্ষিণ করে পুনরায় পূবালী চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে পৃথকভাবে একটি যুব র্যালিও অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়।
যুব র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ। মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজকে দেশ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।










