
র্যাব-১১ এর পৃথক দুটি অভিযানে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১, সিপিসি-২।
র্যাব জানায়, গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর ও অরন্যপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১৭৪ বোতল বিদেশি মদ এবং ১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে একই দিন (০১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মোঃ সাকিব (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এ সময় তার হেফাজত থেকে ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী মোঃ সাকিব (১৯) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বামইল গ্রামের মোঃ লিটনের ছেলে।
জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র্যাব-১১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










